কয়রা–পাইকগাছার উন্নয়নে একসাথে কাজের অঙ্গীকার: এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জাতীয় সংসদে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) সফর করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি পাইকগাছাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আজ থেকে প্রতিটি দিন কয়রা ও পাইকগাছার মানুষের কল্যাণে নিবেদিত থাকবো। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দক্ষিণ খুলনার এই অবহেলিত উপকূলীয় জনপদকে একটি সমৃদ্ধ ও মডেল এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ শেষে এমপি হিসেবে প্রথমবার পাইকগাছায় প্রবেশকালে সীমান্তবর্তী কাশিমনগর এলাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা দলীয় কার্যালয়সহ বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজীদ আলম, মাওলানা শেখ কামাল হোসেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ, মো. আলতাফ হোসেন, আসাদুল ইসলাম, আবুজার গিফারী, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই সংসদ সদস্যের সক্রিয় উদ্যোগে দীর্ঘদিনের অবহেলিত কয়রা-পাইকগাছা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।





