কচুয়ায় যথা নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে কচুয়ায় যথা নিয়মে পশু জবাই, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিক উপায়ে প্রয়োগ সংক্রান্ত এক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি কালচারাল সেন্ট্রাল মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কোরবানির পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ। সঠিক নিয়মে পশু জবাই এবং চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ে লবণ প্রয়োগ না করলে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যে বিনামূল্যে লবণ বিতরণ করা হচ্ছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কচুয়া ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, মডেল কেয়ারটেকার খান ইমদাদুল হকসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ দূষণ রোধে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে পশুর চামড়া যেন গুণগত মান না হারায়, সেজন্য বৈজ্ঞানিক উপায়ে লবণ দেওয়ার নিয়মাবলি উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।





