কর্ণফুলীতে ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার মেলা শুরু আগামীকাল
কর্ণফুলী প্রতিনিধি :
বাংলা নববর্ষ উপলক্ষে কর্ণফুলীর বড়উঠানের ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে।
বড়উঠানের মিয়ার হাট বাজারে দুই দিনব্যাপী এ মিয়ার বৈশাখী মেলা চলবে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বছর মেলাটি স্থগিত করেছিলেন আয়োজক কমিটি।
তবে এবার পুনরায় মেলাটি শুরু হতে যাওয়ায় পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয়রা তাদের আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়ে আসছেন।
জমিদার আন্নর আলী খাঁর মেলাটি প্রায় ২০০ বছর আগে চালু করেন। জমিদার মারা গেলেও তার বংশধরেরা প্রতি বছর বৈশাখের ৭ ও ৮ তারিখে মেলাটি আয়োজন করে আসছেন।
জমিদারের বংশধর শাহাদাত হোসেন খান বলেন, ‘আমাদের পরিবারের ঐতিহ্যবাহী মেলাটি ২০০ বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে। গত বছর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলা স্থগিত করা হয়। এবার সুন্দরভাবে আয়োজন করা হচ্ছে। তিনি বলেন মেলা পরিচালনায় প্রশাসন সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।





