কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা :- কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
সোমবার (১জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সোমবার রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৩১,৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য- ১,১৩,৮০,৫০০/- (এক কোটি তেরো লক্ষ আশি হাজার পাচঁশত) টাকা।
মীর আলী এজাজ জানান, সীমান্ত পথে মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জব্দকৃত মালামালসমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা/ধ্বংস করা হবে।





