চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা
মোঃ রাজন পাটওয়ারী,স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দাবি, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শেখ রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসী ইব্রাহিম খলিলের দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় উপস্থিত হন।
প্রবাসী ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের সম্পর্কের বিষয়টি পরিবারের নজরে আসে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।
অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





