জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে পাথরঘাটায় যুব স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সভা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় তথ্য প্রাপ্তি ও প্রচারে যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে একদিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আবহাওয়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক তথ্যের গুরুত্ব, সঠিক ব্যবহার ও প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি পাথরঘাটার উপজেলা সমন্বয়ক মি. সুজন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডলিনা স্থিতি সরকার।
বক্তারা বলেন, সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তির মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবিকাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, যা জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওরিয়েন্টেশন সভায় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামের সিসিআরসি’র যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
উল্লেখ্য, কর্মসূচিটি সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত “প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি–২)” প্রকল্পের আওতায় পাথরঘাটা, বরগুনায় আয়োজন করা হয়। এতে অর্থায়ন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Bread for the World, Germany।




