পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩০) জুলাই পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা সদর উপজেলার মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় প্রবেশ করে আসামিরা ভুক্তভোগী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ভুক্তভোগীর মা ও শিশুসন্তানকে একটি কক্ষে আটকে রেখে একজন আসামি ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর দুই আসামি ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর মায়ের নিকট থেকে নগদ ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা আদায় করে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী মামলা দায়ের করলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের কামরুল ইসলামের ছেলে মোঃ মাহামুদুল হাসান নাছিম (২৩), পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কবিরপুর গ্রামের মো: ইমদাদুল হকের ছেলে মো: সাকিব হোসেন (২১) ও পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাঁকড়কাটা গ্রামের মতিন মিয়ার ছেলে তারেক রহমান (২২)।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রযোজ্য ধারায় মামলা হয়েছে। তিন আসামী কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।




