বানারীপাড়ায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
বানারীপাড়া (বরিশাল)।
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—সলিয়াবাকপুর গ্রামের মোঃ জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহাগ। তারা দুজনই নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রিয়াজের নির্মাণাধীন ভবনের দীর্ঘদিন ঢাকনা দেওয়া সেপটিক ট্যাংকের কাঠ ও বাঁশ খোলার জন্য প্রথমে এক শ্রমিক ভেতরে ঢোকেন। ট্যাংকে জমা থাকা বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের ঘাটতির কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে, তাকে উদ্ধার করতে অন্য শ্রমিক নামেন এবং তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।
সংবাদ পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।





