বিএনপি শুরু থেকেই বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে আসছে: মীর হেলাল
হাটহাজারী প্রতিনিধি: দেশের প্রচলিত আইনকানুন মেনে সকলে মিলে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করা, সুখে-শান্তিতে মিলেমিশে থাকা এবং মৌলিক অধিকার নির্বিঘ্নে ভোগ করাই গণতন্ত্রের আসল রূপ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিএনপি শুরু থেকেই বহুদলীয় গণতন্ত্রের চর্চা করে আসছে। সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই এই সুস্থ ও বহুদলীয় গণতন্ত্রের চর্চা লালন করে আসছে।
বিগত সরকারের সময়কালের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সভা-সমাবেশ পণ্ড করতে ১৪৪ ধারা জারি এবং নির্মম নির্যাতন পরিচালনা করেছিল। তবে শত অত্যাচার ও ধকল সয়ে হাটহাজারীর মাটিতে দাঁড়িয়ে বিএনপি পরিবার দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দেশের জনগণ যেমন অতীতে পাশে ছিল, তেমনি বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরন করে বাংলাদেশে এই চর্চা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে দলটি। শুধুমাত্র সরকার হিসেবেই নয়, দলীয়ভাবেও দেশকে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির মুখ থেকে রক্ষা করতে বিএনপি প্রস্তুত। বিগত সরকারের জঘন্য অত্যাচার ও অন্যায়ের অশুভ পুনরাবৃত্তি ভবিষ্যতে আর কখনোই ঘটার সুযোগ দেওয়া হবে না বলেও দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।





