ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাতক্ষীরায় শিক্ষক গ্রেপ্তার
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন গৌরাঙ্গ সরকার নামের এক স্কুল শিক্ষক। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
আযান ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর চরিত্র নিয়ে তিনি কটুক্তি করেছেন। এঘটনায় মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে আসে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল, স্থানীয় জামায়াতের আমির মিজানুর রহমান ও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষক গৌরাঙ্গ সরকার গত রোববার (১৭ মে) নবম শ্রেণির গণিতের ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীদের বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে মসজিদের মাইকে আযান দেওয়া বন্ধ করে খুব ভালো করেছেন। বাংলাদেশেও এটা বন্ধ করা দরকার। ফজরের আযানসহ অন্যান্য আযান উচ্চস্বরে দেওয়া হয়,যার ফলে সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা হয়। যারা উচ্চস্বরে আযান দেয় তারা বেয়াদব এমন মন্তব্য করে মুহাম্মদ (সা:) এর চারটি বিয়ে নিয়ে তাঁর চরিত্রের বিষয়ে মারাত্মক বাজে কথা বলেন তিনি।বিষয়টি সে সময় গোপন থাকলেও শিক্ষার্থীরা আজ মঙ্গলবার স্থানীয়দের কাছে বলে দেয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুব সমাজ উত্তেজিত হয়ে বিদ্যালয়টিতে বিক্ষোভ শুরু করেন। তারা কটুক্তিকারী শিক্ষক গৌরাঙ্গ সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরকার সকলের সামনে তার বলা কথা স্বীকার করেছেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যান এবং শিক্ষক গৌরাঙ্গ সরকারকে জিঙ্গাসাবাদ শেষে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি জাহিদ জানান, শিক্ষক গৌরাঙ্গ সরকারকে গ্রেফতার করা হয়নি। উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি (শিক্ষক) এখন থানায় রয়েছেন। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





