ঐতিহ্যবাহী উল্লাপাড়া প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্র করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে – সভাপতি আনিছুর রহমান
মেসবাহুল হক মাসুম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া একটি বহুল জনপ্রিয় শহর। শিক্ষার প্রসারতা উল্লাপাড়াকে যেভাবে পরিচয় করিয়েছে দেশব্যাপী ঠিক তেমনি উল্লাপাড়া প্রেসক্লাব উপজেলার পঞ্চাশ বছরের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে। দীর্ঘ্য ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদী সাংবাদিকদের ভয়াল থাবায় প্রেস ক্লাব হারিয়েছে তার জৌলুশ। ৫ই আগষ্ট পরবর্তী সময়ে সারা দেশে যেমন বিপ্লব ঘটেছে ঠিক তেমনি উল্লাপাড়া প্রেস ক্লাবেও বিপ্লব ঘটেছে। পূর্বের কমিটির সহ সভাপতি সহ একাধিক সদস্যের উপস্থিতিতে জরুরি সভায় সঠিক নিয়ম মেনে ও আইনসিদ্ধ ভাবেই পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটির রেজ্যুলেশন করা হয়েছে। এরপর যাচাই বাছাই এর মাধ্যমে এবং সকল সাংবাদিকদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এবং তা এখন পর্যন্ত বহাল রয়েছে। প্রেস ক্লাবে সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সকলেরই অন্তর্ভুক্তি রয়েছে। নতুন সদস্য গ্রহন প্রক্রিয়াও চলমান রয়েছে। কিন্তু, একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বীয় স্বার্থ হাসিলের জন্য প্রেস ক্লাব নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বর্তমান কমিটির সদস্য হয়েও ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। সম্প্রতি প্রেস ক্লাব নিয়ে প্রকাশিত এ আই ভিত্তিক ভুয়া সংবাদের জবাবে ঢাকা ক্যানভাসকে দেয়া এক সাক্ষাৎকার এ এমন অভিমত ব্যক্ত করেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন।
তিনি আরও বলেন, কতিপয় সিনিয়র সাংবাদিকগণ আবেগের বশবর্তী হয়ে তাদের অস্তিত্ব ক্ষমতাসীনদের হাতে তুলে দিয়েছেন এবং সাংবাদিকতা নিয়ে নোংরা রাজিনীতি শুরু করেছেন। সম্প্রতি মুদি দোকানদার, ক্যামেরাম্যান থেকে শুরু করে গণমাধ্যমে কাজ করার যোগ্য অযোগ্য বিচার বিবেচনার তোয়াক্কা না করে শুধু মাত্র দল ভারী করার জন্য নাম সর্বস্ব ও ভুঁইফোড় অনলাইন, নিউজ পোর্টাল, আইপি টিভি, সরকারের অনুমোদনহীন পত্রিকার সংবাদ কর্মী বানানো হচ্ছে। সাংবাদিকতা কোন সস্তা পেশা নয়, যেখানে যে ইচ্ছা সে এসে নিজেকে সাংবাদিক দাবি করবে। সিনিয়র কতিপয় সাংবাদিক গণ তাদের পেশী শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে সাংবাদিকতাকে শুধু সস্তাই করে ফেলছেন না, সাংবাদিকতার পরিবেশ বিনষ্ট করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী উল্লাপাড়া প্রেসক্লাব নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
সহ-সভাপতি শিশির আলম জানান, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লাপাড়ায় সাংবাদিকতার পেশাদারিত্ব ফিরিয়ে আনতে মূলধারার গণমাধ্যম কর্মী সহ সুধীজনদের সচেতনতা একান্ত কাম্য।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন ঢাকা ক্যানভাস কে জানান, কোন প্রকার ষড়যন্ত্র করেই ঐতিহ্যবাহী উল্লাপাড়া প্রেসক্লাবকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। প্রেসক্লাবের বর্তমান কমিটি বৈধ ও আইনসিদ্ধ কমিটি।




