কুমিল্লায় ১৮ বছরের সংসার ভেঙে প্রবাসীর সাথে গৃহবধূ লাপাত্তা
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা:- কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ১৮ বছরের সংসার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় স্ত্রী ও শাশুড়িসহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আবদুস সালাম জানান, ২০০৭ সালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দরবেশ মার্কেট এলাকার শাহিনুর বেগমের সাথে তার বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে, সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ায় প্রবাসী এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহিনুর। তাদের সন্তান ইসমাইল হোসেন জানায়, তার মা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী পিপুলিয়া বাজার এলাকার প্রবাসী মোঃ সাহিবের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন। বিষয়টি বাবার কাছে প্রকাশ করলে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং শাহিনুর স্বামী ও সন্তানকে নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকেন।
গত ৩১ আগস্ট বিকেলে স্বামী আবদুস সালাম ব্যবসার কাজে বাইরে থাকার সুযোগে ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান শাহিনুর। পরবর্তীতে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন। এই ঘটনায় শাহিনুরের মা আলেয়া বেগমেরও কু-পরামর্শ ও প্ররোচনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের মান-সম্মানের কথা চিন্তা করে ভুক্তভোগী স্বামী আবদুস সালাম জানান, স্ত্রী তার ভুল স্বীকার করে ফিরে এলে তিনি তাকে মেনে নিতে প্রস্তুত। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।




