সারাদেশ

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

যশোরের চৌগাছায় রাজনৈতিক কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় জুয়েল রানা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মুক্তদাহ মোড় এলাকায় হামলার এই ঘটনাটি ঘটে। পরে দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ের একটি চা দোকানে স্থানীয় বেশ কিছু মানুষের সাথে রাজনীতি বিষয়ে জুয়েল রানার তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলোচনার এক পর্যায়ে সেখানে উপস্থিত রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এর পরপরই লাঠিসোঁটা নিয়ে জুয়েল রানার ওপর হামলা চালানো হলে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন।

খবর পেয়ে তাকে উদ্ধার করতে এসে হামলার শিকার হন তার স্ত্রী মায়া খাতুনও।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েল রানাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, নিহত জুয়েল রানার বিরুদ্ধে পূর্বের বেশ কয়েকটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,