ছাতকে মশাল মিছিল ও গোপন বৈঠকের অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে স্লোগান ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুমন আহম্মেদ (২৬)। রুবেলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি সিলেট নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় বসবাস করতেন। অন্যদিকে সুমনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামে। তিনি সিলেট নগরের শেখঘাট এলাকায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বুকেরভাঙ্গা এলাকায় একদল ব্যক্তি মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং গোপন বৈঠক করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেললে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রুবেল ও সুমনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও নাশকতা ও সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। গত ২ আগস্ট ছাতক থানায় করা একটি মামলায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





