জাতীয় সারাদেশ

তারাগঞ্জে উন্নয়ন ও মানবিকতার মেলবন্ধন—সুপ্রীম সীডের উদ্যোগে প্রশংসার জোয়ার

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগের অংশ হিসেবে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জমি দান, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসব সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুবিধাভোগী পরিবার ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মানবিক ও জনকল্যাণমূলক এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে স্থানীয় ঈদগাহ মাঠ ও কালেক্টরেট কবরস্থানের উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে প্রদানকৃত জমির দলিল জেলা প্রশাসনের প্রতিনিধির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জমি হস্তান্তরের বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ায়। সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
পরে প্রধান অতিথি সমাজসেবা অধিদপ্তরের আওতায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে নগদ আর্থিক সহায়তার চেক তুলে দেন। সহায়তা পাওয়া শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ ধরনের আর্থিক অনুদান তাদের পড়াশোনার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।
একই অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়। সুবিধাভোগীরা জানান, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটের সময়ে সরকারের এ সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও তথ্যাবধানে ছিলেন মাহমুদুল হাসান এবং হারুন উর রশিদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, “সরকারের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক, মানবিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র এই সহায়তাও মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা ও মানবকল্যাণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভাপতির বক্তব্যে মোনাববর হোসেন বলেন, জনকল্যাণমূলক এ আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রশংসার দাবি রাখে। তিনি ভবিষ্যতেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংশ্লিষ্টদের মতে, জমি দান, শিক্ষা সহায়তা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য জরুরি উপকরণ বিতরণের মতো বহুমুখী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। স্থানীয়রা এমন কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,