নওগাঁয় বাঁশ ঝাড় থেকে নারীর মৃতদেহ উদ্ধার
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় বাঁশ ঝাড়ের ভেতর হালিমা বেগম নামে এক নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। সোমবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার ছিলিমপুর তালবোনা এলাকার একটি বাঁশ ঝাড়ের ভেতর হালিমা বেগম (৬৪) এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশে খবর দেয়। হালিমা বেগম ঐ এলাকার মৃত আলিম উদ্দিনের মেয়ে। নিহত হালিমা বেগমের ছোট ভাই মজনু হোসেন বলেন, আমার বোন হালিমা বেগম রবিবার দিনগত রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পরেন। সোমবার সকালে বাড়ির পূর্ব পার্শ্বের একটি বাঁশ ঝাড়ের ভেতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন। হালিমা বেগম প্রায় ৩০ বছর আগে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে সে তার বাবার বাড়ি এলাকায় বসবাস করত। তার শরীরে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে কেউ তাকে হত্যা করার পর বাঁশ ঝাড়ের ভেতর ফেলে রেখেছে কি না এনিয়ে স্থানিয় লোকজনের মাঝে প্রশ্ন দেখা দেয়। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।




