রাজনীতি সারাদেশ

‘নিরাপদ জীবন-সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’—তারাগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচি আগামী ২২ মে পর্যন্ত চলবে। এ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার অভিযান প্রদর্শনী, প্রশিক্ষণ কার্যক্রম ও জনসচেতনতামূলক বিভিন্ন আয়োজন গ্রহণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, বরং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষকে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনতে হবে। তাহলেই দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এস এম শরিফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, “ফায়ার সার্ভিস কেবল অগ্নিনির্বাপণ কাজেই সীমাবদ্ধ নয়। জরুরি সেবা প্রদান, উদ্ধার অভিযান পরিচালনা, অগ্নি নিরাপত্তা পরিদর্শন, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রমসহ বহুমুখী দায়িত্ব পালন করে আসছে।”
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় তারাগঞ্জ বাজার এলাকায় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় একটি ওয়াটার রিজার্ভার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাজার এলাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারাগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মেহেদী হাসান শিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মো. ইয়াকুব আলী এবং সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,