বানারীপাড়ায় পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন উজ্জ্বল মৃধা।
বানারীপাড়া প্রতিনিধি।।
বরিশাল জেলা অটো টেম্পু আলফা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৫১৭) এর আহ্বায়ক কমিটির সদস্য এবং বানারীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী কর্মী মোহাম্মদ উজ্জ্বল মৃধা। তার এই নিয়োগে উপজেলার পরিবহন শ্রমিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
- শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বানারীপাড়া মাহেন্দ্র স্যাষ্টন্ডে
অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বানারীপাড়া উপজেলার অটো, টেম্পু, আলফা ও মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সার্বিক দায়িত্ব উজ্জ্বল মৃধার হাতে তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম কালু, সদস্য সচিব মোঃ আল-আমিন আকন, সদস্য সৈয়দ রেজাউল করিম লিটু, মোঃ বেলাল আকন, মোহাম্মদ রাজ্জাক সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।
নবনিযুক্ত আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল মৃধা তার বক্তব্যে বলেন,
“শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। বানারীপাড়ার অটো, টেম্পু, আলফা ও মাহিন্দ্রা শ্রমিকদের কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার বঞ্চনা ও সাংগঠনিক দুর্বলতা দূর করতে কার্যকর নেতৃত্বের প্রয়োজন ছিল। উজ্জ্বল মৃধার সাংগঠনিক দক্ষতা, শ্রমিকবান্ধব মনোভাব এবং রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা শ্রমিক ইউনিয়নকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে উজ্জ্বল মৃধাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানান। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বে বানারীপাড়ার পরিবহন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
শ্রমিকদের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে নতুন দায়িত্বে পথচলা শুরু করলেন মোহাম্মদ উজ্জ্বল মৃধা।




