যৌথ অভিযানে উন্মোচিত মাদকের নেটওয়ার্কের আরেক অধ্যায়
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা পুলিশের বিশেষ যৌথ অভিযানে দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত প্রায় ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পূর্ব কুর্শা জিগাতলা গ্রামের আতাহারের ছেলে মফেল (৩০) এবং কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের ছাবেদ আলীর ছেলে বেলাল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তাদের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জেলা পুলিশের এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।





