সাতক্ষীরায় নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে পিয়ার আলী গাজী নামে গতকাল বৃহস্পতিবার এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল থেকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মথুরেশপুর ইউনিয়েনের বসস্তপুর ওয়াপদা পাড় সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরার সময় তার নিখোঁজের ঘটনাটি ঘটে। নিখোঁজ পিয়ার আলী গাজী (৮৪) বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার পিয়ার আলী গাজী জীবিকার তাগিদে সীমান্ত নদী কালিন্দীতে জাল ফেলে মাছ ধরতে যান। দুপুরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তবে, ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত একটি গামছা উদ্ধার করা হয়।
নিখোঁজ জেলে পিয়ার আলীর ছেলে আব্দুস সবুর গাজী জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। দুপুরের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতেই কালিগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিসকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আজ শুক্রবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। ইতোমধ্যে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সকাল থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। অতিরিক্ত জোয়ার এবং স্রোতের কারণে এক ঘন্টার বিরতি চলছে। বিকালে আবারো উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হবে।




