হাটহাজারীতে বৃদ্ধি পাচ্ছে মিষ্টি আলুর আবাদ: কম খরচে দ্বিগুণ লাভে ঝুঁকছেন কৃষকরা
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় লাভজনক ফসল হিসেবে মিষ্টি আলুর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম খরচে সহজে উৎপাদনযোগ্য হওয়ায় কৃষকদের মধ্যে এই ফসলের আবাদে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উৎপাদনও বাড়ছে ধারাবাহিকভাবে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিন পাহাড়তলী সিটি ওয়ার্ডে মোট ৩৭ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ২ হেক্টর বেশি। এর মধ্যে ফরহাদাবাদ, ধলই ও মির্জাপুর ইউনিয়নে সবচেয়ে বেশি আবাদ হয়েছে। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭৩১ মে. টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকার উপরে। কৃষকদের ভাষ্যমতে, প্রতি হেক্টর জমিতে মিষ্টি আলু চাষে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হলেও লাভ হয় দ্বিগুণেরও বেশি। এছাড়া উৎপাদন প্রক্রিয়া সহজ হওয়ায় এবং পাইকাররা সরাসরি জমি থেকেই ফসল সংগ্রহ করায় কৃষকদের ঝামেলাও কম। এসব কারণে দিন দিন এই ফসলের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি অফিসার মো: মেজবাহ উদ্দিন জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় মিষ্টি আলুর চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। পাশাপাশি এটি একটি পুষ্টিকর খাদ্য, যা মানবদেহের জন্য উপকারী। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।




