হাটহাজারীর বাস স্ট্যান্ডে ধীর গতিতে সড়ক উন্নয়নের কাজ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, গর্তে পড়ে আহত রিকশাচালক
হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে কলাবাগান পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলমান এই উন্নয়ন প্রকল্পের এক পাশ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় সেটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কের নিম্নাংশে পানি জমে যায়, ফলে কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বোঝা দায় হয়ে পড়ে।
সোমবার(২৭এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে অল্প সময়ের বৃষ্টিতে সড়কটি পানিতে তলিয়ে গেলে চলাচলের সময় এক রিকশাচালক হঠাৎ গর্তে পড়ে যান। এতে তিনি আহত হন এবং তার রিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ চললেও তা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। নির্মাণাধীন সড়কের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। আমরা বুঝতেই পারি না কোথায় গর্ত আছে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এবং রাস্তার কাজ ধীরগতিতে চলার কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে |
রিকশাচালকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি সাময়িক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।




