বুদ্ধি প্রতিবন্ধী মমিনের রহস্যজনক মৃত্যু
রুমান শাহরিয়ার,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মমিনুল ইসলাম মমিন(১৮) এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী ছিলো।
জানা যায়, গতকাল বিকালে নিহত মমিন ও তার ছোটবোন ডোয়াইল ইউনিয়নে তার নানা বাড়ীতে বেড়াতে আসে। সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সাথে মুশুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে গেলে হারিয়ে ফেলে মমিনকে। রাতে অনেক খোঁজাখুঁজি করার পর না পেলে বাড়ী চলে যায় তার নানা। পরে সকালবেলায় মমিনের লাশ পাওয়া যায় ধান ক্ষেতে।
নানা মোহাম্মদ আলী বলেন, রাতে মমিনকে নিয়ে মুশুদ্দি ওরশ শরীফে বেড়াতে চাই। হঠাৎ করে মমিন পাশ থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি। পরে সকালে জানতে পারি ঝিনাইনদীর পাড়ে ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। এই শুনে এসে দেখি মুমিনের লাশ।
এসময় স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





