পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভূঞাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
মাসুদ রানা, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সরকারি কর্মচারীরা কর্মবিরতি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তার। এমসয় কর্মচারীরা সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- আগে পে-স্কেল, পরে নির্বাচন দীর্ঘ সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসলেও সরকার এখনো সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ৫ ডিসেম্বর সারাদেশে লক্ষাধিক সরকারি কর্মচারীর অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবায়ন হয়নি।
এসময় তারা অভিযোগ করে বলেন- ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠন করে সময়ক্ষেপণ করছেন। জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে বলেন- বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল। এ ধরনের মন্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
সমাবেশে কর্মচারীরা তাদের সাত দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, বেতন জ্যেষ্ঠতা সংরক্ষণ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন ব্যবস্থা চালু করা এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণ।
বক্তারা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের আন্দোলনরত সরকারি চাকরিজীবীরা আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন।





