তারাগঞ্জে চেয়ারম্যান আটক
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি—
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পতিত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ভোরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিটের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে আটক করে। গ্রেপ্তারের সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত এফআইআর নং–০৭ (তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) এবং জিআর নং–১০৮/২৫ অনুযায়ী ইদ্রিস আলীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ই), ৮, ৯(৩১), ১০ ও ১২ ধারায় মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠে, যা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা ও সমালোচনা চলছিল। অবশেষে তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





