পলাশবাড়ীতে অন্ধকারে দুর্বৃত্তের হামলা যুবদল নেতা গুরুতর আহত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাকন (৩৫) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।
১৫ ফেব্রুয়ারি রোববার রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত কাকন (৩৫) উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে, সে উপজেলা যুবদলের সদস্য এবং পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের ভাগিনা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থানকালে হঠাৎ করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এসময় হামলাকারিদের ধারালো অস্ত্রে চোটে কাকনের হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতরভাবে জখম হওয়ার পাশাপাশি তার দুই পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় পরিবারের সদস্যরা আহত যুবদলের নেতা কাকনের উন্নত চিকিৎসার ব্যস্ত থাকায় পরিবারের পক্ষ হতে থানায় এজাহার দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় আহতের পরিবার।





