ভোলায় কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুই নারীসহ ৬ জন আহত
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার ইলিশা জংশন এলাকায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনাটি ঘটে রবিবার (১৫ ফেব্রুয়ারী ) রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন নার্গিস (৩৫)। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হবে।
অন্য আহতরা হলেন— রহিমা (৩২)পিতা: আঃ মালেক; লিমন (১৪) পিতা: আবু সায়েদ; মোঃ আজাদ (১৭) পিতা: রুহুল আমিন, সোলাইমান (১২) পিতা: ফজলুর রহমান। তারা সবাই ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন ইজিবাইক চালক মোঃ মাকসুদ্দিন (৩৫) পিতা: তাহের মাঝি, তিনি রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ইজিবাইক চালকের ভাষ্যমতে, যাত্রী নিয়ে মেইন সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি সড়কে উল্টে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, সড়কে দ্রুতগতি ও অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





