সারাদেশ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা )

পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদ হোসেন পরাগকে অন্য যেকোনো পেশা, ব্যাবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় বেতন স্কেলের গ্রেড–৯ এর সর্বশেষ ধাপে বেতনসহ প্রাপ্য অন্যান্য সুবিধা পাবেন। তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি, রাষ্ট্রীয় সফর, সভা-সমাবেশ ও গুরুত্বপূর্ণ বৈঠকের আলোকচিত্র ধারণ, সংরক্ষণ এবং নথিবদ্ধ করার দায়িত্ব পালন করবেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ভিজ্যুয়াল ডকুমেন্টেশন ও আর্কাইভ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তার।

প্রায় তিন দশক ধরে ফটোসাংবাদিকতা ও সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনে সক্রিয় খালেদ হোসেন পরাগ পেশাগত জীবন শুরু করেন দৈনিক দিনকাল পত্রিকায় ফটোসাংবাদিক হিসেবে। এর আগে তিনি দৈনিক নির্ভর ও দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে দৈনিক দিনকালের স্টাফ ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭৮ সালের ১৯ অক্টোবর পাবনা শহরের থানা পাড়া এলাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা তোসাদ্দক হোসেন বেনু এবং মাতা আনোয়ারা বেগম। চার বোনের একমাত্র ভাই পরাগ ছোটোবেলা থেকেই ক্যামেরার প্রতি গভীর আগ্রহ অনুভব করেন। ১৯৯৩ সাল থেকে তিনি নিয়মিত ছবি তোলা শুরু করেন।

নিজের তোলা ছবি নিয়ে ১৯৯৭ সালে পাবনায় “আজকের প্রজন্ম ধারা” শীর্ষক প্রথম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন তিনি। পরবর্তীতে ২০০১ সালে “মিনি ফ্যাশন ফটো মেলা” আয়োজনের মধ্য দিয়ে পাবনায় আলোকচিত্রচর্চাকে নতুন মাত্রা দেন। ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক গ্রুপ আলোকচিত্র প্রদর্শনীতেও তার ছবি স্থান পেয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ

শুধু ফটোসাংবাদিক হিসেবেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আজকের প্রজন্ম ফোরাম, হেডে ক্রিয়েটিভ গ্রুপ, পাবনা ফটোগ্রাফারস ফোরাম, পাবনা সাইক্লিস্ট ফোরাম, মাইপাবনা ডটকম, পাবনা ফিল্ম সোসাইটি এবং পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

১৯৯৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন হেডে ক্রিয়েটিভ গ্রুপ, যা পরবর্তীতে পাবনাসহ বিভিন্ন স্থানে সৃজনশীল উদ্যোগের একটি পরিচিত নাম হয়ে ওঠে। প্রযুক্তি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি “প্রযুক্তির সূর্য” নামে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক একটি পত্রিকাও প্রকাশ করেন, যা ছিল জেলার প্রথম এ ধরনের উদ্যোগ। এছাড়া অনলাইনভিত্তিক ব্যাবসা ও তথ্যসেবা চালুর ক্ষেত্রেও তিনি উদ্যোগ নেন। পাবনার মানুষের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে “পাবনা বাজার” নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্‌ম গড়ে তোলার চেষ্টা করেন তিনি।

ফটোডকুমেন্টেশন ও প্রকাশনা

খালেদ হোসেন পরাগের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্‌ম ‘ছবির গল্প বাংলাদেশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে বিএনপি ও জিয়া পরিবারের নানা গুরুত্বপূর্ণ ও দুর্লভ মুহূর্তের আলোকচিত্র সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন।

২০০৬ সালে প্রকাশিত “ছবির গল্প” বইটি তার অন্যতম উল্লেখযোগ্য কাজ, যেখানে তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভার বিস্তৃত ফটোডকুমেন্টেশন তুলে ধরা হয়। একইভাবে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে তার প্রকাশিত “দেশনেত্রী” ফটোডকুমেন্টেশনটিও বিশেষভাবে আলোচিত।

এর পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবনদর্শন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশে বিভিন্ন স্থানে একাধিক আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছেন তিনি।

তরুণদের সৃজনশীল পথে আনতে উদ্যোগ

খালেদ হোসেন পরাগ বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আলোকচিত্রচর্চায় উৎসাহিত করে আসছেন। পাবনায় নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে তিনি নতুন প্রজন্মকে ক্যামেরা ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করেছেন।

তার বিশ্বাস, সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়া সম্ভব। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে তিনি ছবি, প্রকাশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। দীর্ঘ তিন দশকের আলোকচিত্র অভিজ্ঞতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তোলা খালেদ হোসেন পরাগ এখন দেশের সর্বোচ্চ নির্বাহী পদধারীর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,