সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় যাত্রীবাহী বাস ও কলাভর্তি ট্রাকের সংঘর্ষে আলমাস আলী (৩৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে মহাসড়কের মান্নাননগর তেল পাম্পের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলমাস আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাসবাকুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শান্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী একটি কলাভর্তি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাইওয়ে থানায় নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী একটি কলাভর্তি ট্রাক সড়কের উল্টো পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক আলমাস আলী ঘটনাস্থলেই নিহত হন।





