রমজান ঘিরে বাজারে নজরদারি: কালাইয়ে সেমাই কারখানায় জরিমানা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ ২০২৬) উপজেলার মাত্রাই বাজারে অবস্থিত মেসার্স বগুড়া বেকারীর সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ইউএনও শামীম আরা বলেন, জনস্বার্থে পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য ও অনিয়ম প্রতিরোধের মাধ্যমে সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতেই প্রশাসনের এই তৎপরতা।




