সাতক্ষীরায় সৌদির সঙ্গে মিল রেখে ২০ গ্রামে ঈদ উৎযাপন
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউকোলা এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এতে সদর উপজেলার ঘোনা, ভাড়ুখালী, মিরগীডাঙ্গা, চাঁদপুর, গোয়ালাচত্বর, ভাঁদড়া এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বাউখোলা ছাড়াও আশপাশের অন্তত ২০টি গ্রামের মানুষ এতে অংশ নেন। সকাল থেকেই কলারোয়া ও সদর উপজেলাসহ বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা কুশখালী ইউনিয়নের বাউকোলা মসজিদে সমবেত হতে থাকেন।
ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ভাষ্য, তারা গত এক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা ঈদ উদযাপন করেছেন।উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল মজিদ বলেন, সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি ৮টার জামাতে নামাজ আদায় করার জন্য। আমরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করি।
ঈদের নামাজ শেষে মাওলানা মহব্বত আলী বলেন, পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। যেহেতু আমরা একদিন আগে থেকে রোজা শুরু করেছিলাম, তাই আজ আমাদের জন্য ঈদের দিন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।





