বেলকুচিতে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের অভিযান, কমলো যানজটের চাপ
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেলকুচি পৌরসভার চরচালা ও মুকুন্দগাঁতী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান, বেলকুচি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল হকসহ পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ২০ ও ২১ এপ্রিল মাইকিং করে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে রাস্তার পাশ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ তা অপসারণ না করায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, ফলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে স্বস্তি পেতে শুরু করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানান, সরকারি জমি দখল করে এসব দোকানপাট নির্মাণের কারণে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





