সাতক্ষীরায় গয়না ছিনিয়ে নেওয়ার সময় নারী দোকানিকে হত্যা
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় ‘গয়না ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে’ এক নারী দোকানিকে মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন।
তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নিহত ৪৫ বছর বয়সী বীথিকা রানী ঘোষ মাগুরা সাধুকাপাড়া গ্রামের বিশ্বনাথ সাধুর স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে মাধব দত্ত বলেন, “রোববার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে কে বা কারা বীথিকার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে হামলা চালায়।
“এ সময় তার কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।”
তিনি বলেন, “নিহতের হাতে স্বর্ণের রুলি বালা, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।”
মাধব দত্ত বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য নজিবুর রহমান টুটুল বলেন, “স্বামীর মৃত্যুর পর থেকে বীথিকা মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদির দোকান চলাতেন। শান্ত ও ভদ্র স্বভাবের এ নারীকে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।”
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, “এখনও পর্যন্ত ঘটনার কোনো ক্লু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি; মামলাও হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।”




