তারাগঞ্জে পুলিশের অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কুর্শা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগের ভিত্তিতে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় রিপন বাসফোর (২২) নামের এক যুবককে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন বাসফোর উপজেলার সুইপার পট্টি এলাকার বাবুলাল বাসফোরের ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছিল বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
এদিকে পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




