বয়সের ভারেও থামেনি জীবনসংগ্রাম, ৯০ বছর বয়সেও লোহা পিটিয়ে জীবিকা শ্রী মন্টু কর্মকারের
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকার প্রবীণ কর্মকার শ্রী মন্টু কর্মকার। বয়স প্রায় ৯০ বছর। জীবনের দীর্ঘ সাত দশক ধরে দা, বঁটি, ছুরি, চাপাতিসহ কৃষিকাজের বিভিন্ন লোহার সরঞ্জাম তৈরি ও ধার দিয়েই সংসার চালিয়ে আসছেন তিনি। বয়সের ভারে শরীর ভেঙে পড়লেও থেমে নেই তার জীবনযুদ্ধ।
প্রতিদিনের মতো এখনও স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে ছুরি, দা, কাঁচি ও কৃষি যন্ত্রপাতিতে ধার দেন তিনি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তৈরি করেন নানা ধরনের লোহার সরঞ্জাম। তবে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে আগের মতো আর কাজ করতে পারেন না। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন সিরাজগঞ্জ সদর উপজেলার চর রায়পুর (রামগাতী) সড়কের পাশে ছোট্ট একটি কুঁড়েঘরে বসেই কাজ করে চলেছেন এই প্রবীণ কর্মকার।
স্থানীয়রা জানান, একসময় এলাকায় মন্টু কর্মকারের কাজের ব্যাপক চাহিদা ছিল। দূর-দূরান্ত থেকে মানুষ তার কাছে দা-বঁটি ও কৃষি যন্ত্রপাতি তৈরি ও ধার দিতে আসতেন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও এখনও অনেকেই তার হাতের কাজের ওপর আস্থা রাখেন।
শ্রী মন্টু কর্মকার বলেন, ছোটবেলা থেইকা এই কাম করি। এই কাজ কইরাই সংসার চালাইছি। এখন শরীর আর আগের মতো চলে না। ডাক্তারও কাজ করতে মানা করছে। কিন্তু কাজ না করলে খাব কী?
তিনি আরও বলেন, আগে প্রতিদিন অনেক কাজ পাইতাম। এখন কাজ কমে গেছে। তারপরও যা পাই তাই দিয়া কোনোমতে সংসার চলে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবীণ এই কর্মকারের মতো ঐতিহ্যবাহী পেশাজীবীরা আজ অবহেলিত। বয়সের শেষ প্রান্তে এসে মানবিক সহায়তা ও সরকারি সহযোগিতা পেলে তার জীবন কিছুটা সহজ হতো বলে মনে করেন তারা।





