পাবনায় চোরাইকৃত ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ ঘটনায় মুন্না ওরফে ‘কথিত ন্যাংড়া চোর মুন্না’ নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর রহমান জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলামের সার্বিক সহায়তায় বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
গত ২০ মে পাবনা সদর থানার মুজাহিদ ক্লাব ও বাংলাবাজার এলাকায় সংঘটিত মোটরসাইকেল চুরির ঘটনায় গোপন তথ্যের ভিত্তিতে চোর মুন্নাকে শনাক্ত করে পুলিশ। পরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুটিয়া ইউনিয়নের পারুলিয়া চরসহ বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালানো হয়। অভিযানে পাবনা সদর থানা পুলিশের একটি দল মুন্নাকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার কল্যাণপুর চর এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার যমুনার চর, পাগলার চর, ঢালার চর, বাগুটিয়া চর ও পারুলিয়া চর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় পাঁচটি চোরাইকৃত মোটরসাইকেল। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে কালো-লাল রঙের ডিসকভার ১১০ সিসি, কালো-লাল রঙের প্লাটিনা ১১০ সিসি, বেগুনি রঙের পালসার ১৫০ সিসি, লাল রঙের প্লাটিনা ১০০ সিসি এবং লাল রঙের একটি ১৫০ সিসি মোটরসাইকেল।
তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।




