মাদারীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে শারিরিক নির্যাতন
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে এক তরুণীকে অনৈতিক প্রস্তাব দিলে, তিনি রাজি না হওয়ায় মারধর শারীরিক লাঞ্ছনা, বিবস্ত্র করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী গ্রামে। অভিযুক্তরা হলেন, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরী গ্রামের মাসুদ তালুকদার, হবি তালুকদার, রাসেল তালুকদার, সম্রাট তালুকদার, জেসমিন বেগম, মার্জিয়া বেগম, অচেরা বেগম ও মাইনা তালুকদারসহ আরও কয়েকজন। শনিবার (৩০ মে) দুপুরে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার সঠিক বিচার না হলে ভুক্তভোগী আত্মহত্যা করব বলে জানান।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কোলচরী গ্রামের বাসিন্দা মনি আক্তার (২২) দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় বসবাস করে আসছেন। তাঁর দাবি, একই এলাকার মাসুদ তালুকদার, হবি তালুকদার, রাসেল তালুকদার ও সম্রাট তালুকদার দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ মে দুপুরে তাঁর বাড়িতে গিয়ে মিথ্যা প্রেমের অপবাদ ছড়িয়ে একদল লোক হামলা চালায়। এসময় হামলাকারীরা মনিকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পরিহিত কাপড় টেনে ছিঁড়ে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তাঁকে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে এবং কোনো আইনি পদক্ষেপ নিলে উল্টো মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন মনি আক্তার। স্থানীয়ভাবে ঘটনাটির সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনার সঠিক বিচার না হলে ভুক্তভোগী আত্মহত্যা করব বলে জানান।
ভুক্তভোগী নারী বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।” ভুক্তভোগীর বাবা পান্নু তালুকদার বলেন, “আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই। আমরা দীর্ঘদিন ধরে ভয়ভীতির মধ্যে আছি। পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারছি না।”
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগের কথা স্থানীয়ভাবে শোনা গেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, এ ধরনের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাসুদ তালুকদার, হবি তালুকদার ও রাসেল তালুকদারের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নারী নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।





