যমুনায় ভেসে এলো শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীর দক্ষিণ তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকজন বাসিন্দা নদীর পাড়ে গিয়ে পানিতে একটি মরদেহ হাত-পায়ের শিকলে বাঁধা অবস্থায় ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা চৌহালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে অবহিত করে। পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহের মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা সবুজ সরকার জানান, সকালে নদীর তীরে গিয়ে মরদেহটি হাতে পায়ে শিকলে বাঁধা অবস্থায় ভাসতে দেখতে পান। পরে তিনি অন্যদের খবর দেন এবং পুলিশকে অবহিত করা হয়।
আরেক বাসিন্দা তৈয়ব ফকির বলেন, যমুনা নদীতে বিভিন্ন সময় দূরবর্তী এলাকা থেকে মরদেহ ভেসে আসার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে মৃত্যুর পর নদীর স্রোতে ভেসে মরদেহটি এখানে এসে পৌঁছেছে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকেই পরিচয় শনাক্তের চেষ্টা করলেও কেউ মরদেহটি চিনতে পারেননি।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, জোতপাড়া এলাকায় যমুনা নদীতে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।





