জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চৌগাছায় ব্যাপক বৃক্ষরোপণ শুরু
স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
যশোরের চৌগাছায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন এবং বন কর্মকর্তা ফেরদৌস খান। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে চৌগাছা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পৌর কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





