চাঁদপুরের হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মোঃ হাবিবুর রহমান, হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার পূর্ব বাজারে অবস্থিত মাতৃমায়া আবাসিক হোটেল থেকে ইলিয়াস কাজী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইলিয়াস কাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া কাজী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তিনি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন।
হোটেলের ম্যানেজার রায়হান জানান, কক্ষ ভাড়া নেওয়ার সময় বৃদ্ধ অসুস্থ অবস্থায় ছিলেন। তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন হোটেল মালিক ফারুক হোসেন লিটন। তিনি বলেন, ইলিয়াস কাজী হোটেলে আসার সময় স্বাভাবিক ও সুস্থ ছিলেন। পরে রাতে বিষপান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তার ধারণা।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।





