বোরহানউদ্দিনে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্যাসফিল্ড রোড সংলগ্ন মন্সুর পাটোয়ারীর বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পিএসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাহিদ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নাহিদের পিতা মো. নাসির হাওলাদার ও মাতা মোসা. পারভীন বেগম। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





