সাঈদীর জানাজায় বাঁধা ও জায়গা দখলকারী আশরাফ শেখ গ্রেফতার
বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় জোরপূর্বক জমি দখল, হয়রানিমূলক মামলা এবং দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় যেতে ধর্মপ্রাণ মুসলমানদের বাধা প্রদানের অন্যতম হোতা আশরাফ শেখকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুলাই (শনিবার) তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আশরাফ শেখ কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত উকিল উদ্দিন শেখের ছেলে। তিনি মঘিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ শেখের বিরুদ্ধে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে (মামলা নং-০৫, তারিখ: ৩০/০৯/২০২৫)। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর কচুয়া থানা পুলিশের একটি দল খলিশাখালী গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিকে আশরাফ শেখ গ্রেফতার হওয়ার পর স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আশরাফ শেখ এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেন। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি সাধারণ মানুষের জায়গা-জমি জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করতেন।
এছাড়া, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার জানাজায় শরিক হতে চাওয়া স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ওপর চড়াও হতেন আশরাফ শেখ। জানাজায় যেতে ইচ্ছুক ব্যক্তিদের নানাভাবে হুমকি ও বাধা প্রদানের গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কচুয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পূর্বের একটি মামলায় আটক দেখানো হয়েছে। গ্রেফতারের পর সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।





