অস্ত্রসহ আটকের পর বদরখালীর যুবদল নেতা বহিষ্কার
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ আটকের ঘটনার পর কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল।
বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই লোহাগাড়ায় অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করে দলীয় সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকেও বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে, ১৪ জুলাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশের একটি নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আয়াত উল্লাহ হুমাইনীও ছিলেন।





