সংবাদ প্রকাশের পর মোত্তালিব এন্ড ব্রাদার্সে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরের চামড়াপট্টি এলাকায় অবস্থিত মোত্তালিব এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া তেলের ব্যবসা পরিচালনা করায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিধান লঙ্ঘন করে লাইসেন্সবিহীনভাবে তেলের ব্যবসা পরিচালনা করছে।
অভিযান চলাকালে ধারণপাত্র থেকে সরাসরি যানবাহনে তেল সরবরাহের কাজে ব্যবহৃত একটি পোর্টেবল ডিসপেনসার মেশিন পাওয়া যায়। জননিরাপত্তা ও আইনগত ঝুঁকি বিবেচনায় সেটি মূল ট্যাংক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পরে প্রতিষ্ঠানের ম্যানেজার তুহিনের কাছ থেকে ভবিষ্যতে বৈধ লাইসেন্স ছাড়া তেলের ব্যবসা পরিচালনা না করা এবং প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করে একটি মুচলেকা নেওয়া হয়।
একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি খাতে আইনানুগ শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি মোত্তালিব এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধি পায়। এরপরই প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।





