সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে ডিমলায় মানববন্ধন

জলাবদ্ধতা নিরসনে ডিমলায় মানববন্ধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজার-জিঞ্জিরপাড়া সড়কের পূর্ব খড়িবাড়ী জিঞ্জিরপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ব্রিজের দুই পাশে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্রিজের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে হাজার হাজার বিঘা কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান, ভুট্টা, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে। সময়মতো কৃষিপণ্য হাট-বাজারে নিতে না পারায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে টেপাখড়িবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, পূর্ব খড়িবাড়ী মেহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একতা বাজার বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো. সাহেব আলী, টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, টেপাখড়িবাড়ী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মিজানুর রহমান (মিজান), জামায়াতে ইসলামীর টেপাখড়িবাড়ী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি জিয়াউর রহমান (জিয়া), যুগ্ম আহ্বায়ক মিঠু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

বক্তারা বলেন, এটি কোনো ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়; বরং পুরো এলাকার কৃষি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়। দীর্ঘদিন ধরে সমস্যাটি সমাধান না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ব্রিজের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ, পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি কৃষিজমি রক্ষা, জনদুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, মানববন্ধনের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জায়গা বা পানি চলাচলের স্বাভাবিক পথে কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,