সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়া এলাকায় সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামের এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৬টার দিকে হযরত আলী তার বাড়ির সামনের বন্যার পানিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় জালের ভেতর একটি সাপ আটকে ছিল। অসাবধানতাবশত জাল থেকে মাছ ছাড়ানোর সময় বিষাক্ত সাপটি তাকে দংশন করে।
এদিকে কামড়ানো সাপটির পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্য ও ভিন্নমত তৈরি হয়েছে। এলাকার কেউ কেউ এটিকে সাধারণ দাঁড়াশ সাপ বলে দাবি করলেও, অনেকের ধারণা এটি অতি বিষাক্ত রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চিকিৎসক বা বন বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাপটির প্রজাতি নিশ্চিত করা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাপে কামড়ানোর পরপরই সচেতনতার অভাবে প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের (ওঝা) কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুঁকের পর অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্বজনরা তাকে নদী পার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়। সেখানে দুপুর আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো নাটুয়ারপাড়া ইউনিয়ন ও বাঘগাড়ি পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নূরে আলম বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোন সংবাদ পাইনি।
সেই সাথে এলাকায় সাপের উপদ্রব ও রাসেলস ভাইপার আতঙ্কে সাধারণ মানুষের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।





