গ্রামীণ শিক্ষায় নতুন দিগন্ত: টিম শংকরপুরের ব্যতিক্রমী উদ্যোগ
এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শংকরপুর গ্রামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন টিম শংকরপুর গ্রামীণ শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সম্পূর্ণ সেবামূলক মানসিকতায় পরিচালিত সংগঠনটি ২০২৬ সালের এপ্রিল মাসে একটি সন্ধ্যাকালীন একাডেমিক রিডিং রুম চালু করে, যেখানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠের পাশাপাশি নিয়মিত পড়াশোনা, বাড়ির কাজ সম্পন্ন এবং পরীক্ষার প্রস্তুতির সুযোগ পাচ্ছে।
বর্তমানে তিনজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করছেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত ক্লাস টেস্ট, মৌখিক মূল্যায়ন ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও রয়েছে।
শিক্ষার মান নিশ্চিত করতে সংগঠনটি একটি প্রক্টোরিয়াল টিম গঠন করেছে, যা ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও মূল্যায়ন কার্যক্রম তদারকি করছে। এছাড়া নিয়মিত অভিভাবক সভার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি তুলে ধরা এবং অভিভাবকদের সচেতন করা হচ্ছে।
টিম শংকরপুরের সদস্যরা জানান, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতেও তারা কাজ করছেন। ভবিষ্যতে একটি পাঠাগার স্থাপন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে এটি গ্রামীণ শিক্ষার একটি অনুসরণীয় মডেল হয়ে উঠবে বলে আশা করছেন তারা।





