ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ রাফসান জানি , ভোলা:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন ভোলা প্রেস ক্লাবের অফিস সহকারী ফজলে আলম কিসলু।
পরে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোলা পৌরসভা চত্বর ও হলি চাইল্ড একাডেমি প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করেন। এ সময় হলি চাইল্ড একাডেমির শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।
ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে প্রত্যেকেরই নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যায় এগিয়ে আসা উচিত।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, “শুধু গাছ লাগানো নয়, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।”
এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পরিচালক নেওয়াজ শরীফ বলেন, “পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। এমন কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।”
এ ছাড়া যুব ঐক্য মানবতার সংস্থার পরিচালক মো. নুরনবী নওয়াব ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।





