পঞ্চগড়ে মালয়েশিয়ার ব্যবসায়ীর সাথে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে মালয়েশিয়ার ব্যবসায়ীর সাথে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন সভাপতিত্ব করেন।
শনিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, জেলার ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও রপ্তানিকারক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। ২৪ ও ২৫ জুলাই শুক্রবার ও শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সম্ভাব্য খাস জমি, নদীর বিস্তীর্ণ পতিত জমি পরিদর্শন করেন ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
৪ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মালয়েশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনের চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই।
পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তারা পঞ্চগড়ে আসেন।
প্রতিমন্ত্রী তাদের সাথে নিয়ে শিল্পায়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ম্যাপের মাধ্যমে শিল্প স্থানের উপযুক্ত জমি, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় মানব সম্পদসহ বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এমডিটি ইনোভেশনসের চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই বলেন, এটি আমার বাংলাদেশে প্রথম বার আসা। এই এলাকায় উন্নতির অনেক সুযোগ রয়েছে। বিশেষ বিশাল সমতল ভূমির কথা চিন্তা করে| আমরা এখানে কৃষি ভিত্তিক, তথ্য প্রযুক্তি বিষয়ক শিল্পায়নের পাশাপাশি সোলার বিদ্যুৎ প্রকল্পের কথা ভাবছি। এখন যে কোন উন্নয়নে গ্রিন এনার্জি বড় ভূমিকা রাখছে। এখানে শিল্পায়নের সম্ভাব্যতা যাচাই করার জন্য পরিদর্শন করছি এবং তথ্য সংগ্রহ করছি। ঢাকার মতো এখানে যানজট নেই। এটি একটি ইতিবাচক দিক। আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি চালু করাসহ অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর পরিদর্শন করেছে। এছাড়া আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। তারা সম্ভাব্য শিল্পায়নের এলাকাগুলো পরিদর্শন করে ইতিবাচক সাড়া দিচ্ছেন। আমরা কৃষি ভিত্তিক শিল্পায়নে জোর দিচ্ছি। আশা করছি শিগগিরই পঞ্চগড়ের মানুষের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।





