মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ফুলবর রহমান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর রায়েরপাড়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ফুলবর রহমান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মণ্ডলের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার এসআই আরব আলী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেওয়া হয়। পরে সিআইডির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয় এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





